সাতক্ষীরার তালায় বিভিন্ন স্থানে একইদিনে নতুন করে ৩ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় ৩৪ নারীসহ মোট ১৪৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আর জেলায় সনাক্ত হয়েছেন ১০৪৮ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, তালা সদরের বিপ্রজিৎ সরদার (৪৩), তেঁতুলিয়া গ্রামের গ্রামের মো. মফিজুর রহমান (৩৩) এবং পাটকেলঘাটা এলাকার নিমাই কুমার।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অতনু কুমার ঘোষ জানান, এ পর্যন্ত উপজেলায় ৩৪ নারীসহ মোট ১৪৯ জন করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। তবে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন রোগীর বাড়ি বিভিন্ন উপজেলায় হলেও তারা চাকুরীর সুবাদে তালা উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করে বলে জানা গেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, শুক্রবার সাতক্ষীরা জেলায় ৯ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮ জন। এদিকে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৮৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৯ জন বলে জানা গেছে।
ইত্তেফাক/এমআর
