স্পোর্টস রিপোর্টার
গতকালই আফিফ হোসেন ধ্রুব ও মুমিনুল হকের সামনে সুযোগ এসেছিল। তারা সুযোগটা কাজে লাগাতে পারেননি। সেই সুযোগটা নিলেন শেষ পর্যন্ত মূলত বোলার বলে বিবেচিত মেহেদী হাসান মিরাজ।
রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ হয়ে গেলেন এবারের বিপিএলে ফিফটি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার। নিজের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি করে খুলনা টাইটান্সের বিপক্ষে রাজশাহীকে সহজ এক জয় এনে দিলেন অধিনায়ক। খুলনাকে ৭ উইকেটে হারালো রাজশাহী।
আগে ব্যাট করা খুলনা টাইটান্স ৯ উইকেটে করেছিল ১১৭ রান। উদ্বোধনী জুটিতে ৪০ রান পেয়েছিল খুলনা। এরপর আর সেভাবে জুটি গড়ে তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ২৩ রান করেছেন জুনায়েদ সিদ্দিকী। ১৮ বলে ২২ রান করেছেন ডেভিড মালান। রাজশাহীর কোনো বোলার খুব ভালো করেছেন তা নয়। তাদের শ্রীলঙ্কান বোলার ইসু উদানা ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া মুস্তাফিজ ২ উইকেট নিয়েছেন।
জবাব দিতে নেমে ১১ রানেই ওপেনার হাফিজের উইকেট হারায় রাজশাহী। এরপর ৮৯ রানের জুটি করেন মুমিনুল ও মিরাজ। মুমিনুল ৪৩ বলে ৪৪ রান করে ফেরেন। আর মিরাজ ৪৫ বলে ৫১ রান করেন।
