রাজৈরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২০:০৯

মাদারীপুরের রাজৈরে একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অজ্ঞাতনামা (৩২) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। মারাত্মক আহত ৫ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কালীবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কালীবাড়ি নামক স্থানে বরিশাল গামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এসময় অজ্ঞাত নামা (৩২) এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এতে আহত হয়েছে ১৫ জন যাত্রী। তাদের মধ্যে মারাত্মক আহত হনুফা বেগম (৩০) তার মেয়ে তানিয়া আক্তার (১০) সুমন শেখ (৩০) তাপস পাল (৩০) তপন কর্মকারকে (৫৮) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রায় সবার বাড়ি বরিশাল এলাকায়।

রাজৈর থনার ওসি শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমআর