বাসস
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে এই কুলখানি অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কুলখানিতে পরিবারের পক্ষ থেকে মরহুমের স্ত্রী অপর্ণা খান সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন। এ সময় বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রেসক্লাবের সহসভাপতি ওমর ফারুক, যুগ্মসম্পাদক শাহেদ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, জাতীয় প্রেসক্লাবের সদস্য কাজী রওনক হোসেন, আতাউর রহমান, দেলওয়ার হাসান, মোহাম্মদ আল মামুন, শাহীন উল ইষরাম চৌধুরী প্রমুখসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সাংবাদিক রাহাত খান গত ২৮ আগস্ট রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
