করোনা মহামারীর মধ্যে বিশ্বের অধিকাংশ বন্দর যখন বন্ধ ছিল, বাংলাদেশ সরকার তখনো চট্টগ্রাম বন্দর চালু রেখেছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যখন সব দেশের বন্দর বন্ধ, তখন বাংলাদেশের লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর আমরা চালু রেখেছি। বন্দর চালু রাখতে গিয়ে আমাদের প্রায় ১৫০ বন্দর কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। ৯ জন মারা গেছেন। তারপরও এ বন্দর আমরা একদিনের জন্যও বন্ধ রাখি নাই। আপনারা দেখেছেন, কিছুদিন আগে চট্টগ্রাম বন্দর বৈশ্বিক সূচকে ৬ ধাপ এগিয়ে এখন ৫৮ নাম্বার স্থানে আছে।
শনিবার বিরল উপজেলার পুলহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
করোনার কারণে দেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি যতটা না ক্ষতিগ্রস্ত হবে; আামদের ভবিষ্যৎ তারচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকায়। সরকার অনলাইন পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু রাখলেও; পাঁচমাস ধরে গৃহবন্দী এসব শিক্ষার্থীদের মানসিক পরিবর্তন আসতে পারে বলে আমাদের ভাবিয়ে তুলেছে।
করোনা আতঙ্ক কেটে গেলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, করোনা সময়ে সারাদেশে সবার জন্য সমান চিকিৎসা চালু রেখেছিল সরকার। করোনায় বিশেষ কারো জন্য আলাদা হাসপাতাল তৈরি হয়নি। করোনার প্রতিষেধক নিয়ে বিশ্বব্যাপী কাজ চলছে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একটি আহ্বান জানিয়েছেন, পৃথিবীর সকল মানুষ যেন এ প্রতিষেধক পায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিকী সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
পরে প্রতিমন্ত্রী ফারাক্কাবাদ দেওয়ানজীদিঘী ঈদগাহ ইসলামিয়া দাখিল মাদরাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সুধী সমাবেশে বক্তব্য রাখেন। ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, একাত্তরে ইসলামের নামে অনেকে খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ করেছে। খুনী-হত্যাকারীদের ইসলাম কখনো গ্রহণ করেনা। বিএনপি এ খুনীদের সঙ্গে হাত মিলিয়েছে। যারা একাত্তরে ধর্ষণ ও অগ্নিসংযোগ করেছে, বিএনপি তাদের সঙ্গে একতাবদ্ধ হয়েছে। যেটা ইসলাম কখনো গ্রহণ করেনা। খালিদ বলেন, আজকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সব জায়গায় শান্তি বিরাজ করছে। ইসলামকে এখন কেউ আর অশান্তির কাজে ব্যবহার করতে পারে না। এ করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশে আইনশৃঙ্খলার কোন অবনতি ঘটে নাই। এটাই হচ্ছে প্রকৃত ইসলামের শিক্ষা।
ইত্তেফাক/এমআর
