মুরাদনগরে গ্যাস সঞ্চালন লাইন তিন বছর ধরে ঝুঁকিপূর্ণ!

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৪০

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুরেরকান্দায় গ্যাস সঞ্চালন লাইনের প্রায় দেড়শ’ ফুট গত তিন বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে। স্থানীয় ফসলি জমির মাটির নিচ দিয়ে যাওয়া এ সঞ্চালন লাইনটির আশেপাশের মাটি কেটে নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এতে যে কোনো সময় পাইপ ফেটে গ্যাস লিকেজ হয়ে অগ্নিদুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা আশঙ্কায় মুরাদনগর সদর, নবীপুর, নবীপুরেরকান্দা, মধ্যনগর, সোলাপুকুরিয়া, বাহারামেরকান্দা, রহিমপুর, ছিলমপুর, মোচাগড়া আশেপাশের ৯টি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কৃষক গনি মিয়া বলেন, গত তিন বছর ধইরা এই গ্যাস পাইপের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ভয়ে নবীপুরেরকান্দা বিলে জমি চাষ করা বন্ধ কইরা দিছি।

গ্যাসের কাজে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, এই ১৭ ইঞ্চি পাইপটির ভিতর দিয়ে ৩২ হাজার ঘনফুট গ্যাস সরবরাহ হয়ে থাকে। যদি কোনো কারণে এই পাইপটি খুলে যায় তবে আশেপাশের আট-দশ গ্রামের মানুষ সাথে সাথে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দেবিদ্বার সাব-সেকশনের সহকারী প্রকৌশলী অতুল কুমার নাগ বলেন, মুরাদনগর উপজেলার নবীপুরেরকান্দার গ্যাস লাইনটি বাখরাবাদ গ্যাসের আওতাভুক্ত নয়। এটির মূল অথরিটি হচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)। তাই এখানে আমাদের কিছুই করার নেই। বিষয়টি জিটিসিএলকে অবহিত করা হবে।