খাগড়াছড়ি: গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার পানছড়ি উপজেলা সদরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির মাহমুদের ওপর সন্ত্রাসীদের বন্দুক হামলার প্রতিবাদে গতকাল বুধবার সকাল এগারোটায় জেলা শহরে জেলা যুবলীগ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মিছিলটি শাপলা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ নেতা যথাক্রমে হাজী রফিক উদ্দিন, চন্দন কুমার দে, যতন কুমার ত্রিপুরা, কে এম ইসমাইল মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, মো. নুরুল আযম বক্তব্য রাখেন। বক্তারা যুবলীগ নেতা মো. নাজির মাহমুদের ওপর হামলার জন্য ইউপিডিএফের সশস্ত্র গ্রুপকে দায়ী করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের প্রধান সড়কে হাদিস মিয়ার চা দোকানে নাজির মাহমুদ বন্ধুদের সঙ্গে চা পান করার সময় সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন —ইত্তেফাক
