বগুড়ায় সেবা গ্রহীতাদের মোবাইলেই তথ্য দিচ্ছে পুলিশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

স্টাফ রিপোর্টার, বগুড়া

সেবা গ্রহীতাদের মোবাইল ফোনে তথ্য দেওয়া শুরু করেছে বগুড়া জেলা পুলিশ। মামলা অথবা জিডি করলে অভিযোগকারীকে এখন থেকে তথ্য পাওয়ার জন্য থানায় ঘুরতে হবে না। মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পেয়ে যাবেন সব তথ্য। শনিবার এসব তথ্য জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী। তিনি জানান, এখন থেকে জিডি অথবা মামলার আবেদনকারীকে মোবাইল ফোনে খুদে বার্তায় তার অভিযোগ বিষয়ে তদন্তকারী কর্মকর্তার নাম এবং মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে। গত ২ সেপ্টেম্বর থেকে জেলার ১২টি থানায় এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোন নম্বর থেকে এই বার্তা পাঠানো হচ্ছে। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে চালু হওয়া এই সেবা বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার তত্ত্বাবধানে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।