চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
সংরক্ষিত বনাঞ্চল রঘুনন্দন পাহাড়ের টিলার বেত বাগানের ভেতরে উদ্ধারকৃত তরুণীর (২৫) পরিচয় পাওয়া গেছে। নিহত নারীর পরিচয় শায়েস্তাগঞ্জ নুরপুর পুরাসুন্দা গ্রামের নিরাঞ্জন সরকারের মেয়ে সুমা রানী সরকার।
গত ৪ জানুয়ারি শুক্রবার শৈলজুড়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। ৬ জানুয়ারি চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ের মাধবপুর সীমান্তবর্তী এলাকার রতনপুর কবরস্থান সংলগ্ন বেত বাগানে অজ্ঞাত পরিচয়ে যুবতীর লাশ দেখে স্থানীয় পুলিশকে খবর দেয় শ্রমিকরা। পরে চুনারুঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে বেওয়ারিশ আনজুমানে মুফিদুল হিসাবে লাশ সত্কার করে। সুমা রানীর ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সুমা রানী বাহ্মণবাড়ীয়ার শরাইল থানার নিয়ামতপুর গ্রামের বাদল সরকারের সাথে বিয়ে হয়।
এদিকে, দীর্ঘ সাত মাস যাবত্ নিহত পিত্রালয়ে অবস্থান করছিল বলে জানা যায়। এ ঘটনায় নিহতের মা সন্ধ্যা রাণী সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজীব দেব রায় জানান, ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা ময়না তদন্তের রিপোর্টের পর বলা যাবে।
