পাবনা চিনিকলের শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭

সাত মাসের বেতন-ভাতা বকেয়া

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

প্রায় সাত মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না পাবনা চিনিকলের ৬৭৯ জন শ্রমিক-কর্মচারী। করোনাকালে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন কর্মরত শ্রমিক-কর্মচারীরা। শ্রমিক-কর্মচারীরা পাওনা টাকা পরিশোধের জন্য বারবার বিক্ষোভ সমাবেশ করলেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। সম্প্রতি মিলগেটে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা। বর্তমানে চিনিকলটির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার পরিমাণ প্রায় ৭ কোটি ৪৬ লাখ টাকা। আখচাষি সমিতির সাধারণ সম্পাদক আনসার আলী ডিলু জানান, আখের দাম বাবদ আখচাষিদের পাওনা ২ কোটি ৬৮ লাখ টাকা। আখচাষিরাও টাকা পেতে বারবার মিলগেটে ধরণা দিলেও কর্তৃপক্ষ টাকা দিতে পারেনি।

চিনিকলের সিবিএ সভাপতি সাজেদুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক উজ্জল হোসেন সরদার জানান, করোনাকালীন দুর্যোগের কারণে আখচাষি ও মিলের শ্রমিক-কর্মচারী সংকটে আছেন। সরকারি সব প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ২০১৫ সালের মজুরি কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়তি বেতন-ভাতা পেয়েছেন। কিন্তু পাবনা চিনিকলে সেই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ আর্থিক সংকটের কথা বলে তাদের সর্বশেষ মজুরি কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন-ভাতা দিচ্ছে না। এ বাবদ পাবনা কলের শ্রমিক-কর্মচারীদের আরো ৩ কোটি ৭০ লাখ টাকা পাওনা রয়েছে।

জানা গেছে, পাবনা চিনিকলে নিয়মিত শ্রমিক ৩৭৯ জন, মৌসুমি ২৪৯ জন, কর্মকর্তা-কর্মচারী ৩৪ জন এবং চুক্তিভিত্তিক ৩৫ জন শ্রমিক রয়েছেন। চুক্তিভিত্তিক শ্রমিকরা কিছু বেতন-ভাতা পরিশোধের জন্য মিলের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। অব্যবস্থাপনার কারণে সরকারি এ চিনিকলটি কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে লোকসান করে আসছে। এখন পর্যন্ত লোকসানের পরিমাণ ৬০০ কোটি টাকার বেশি। এর সঙ্গে রয়েছে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা। ফলে চিনিকলের আর্থিক ব্যবস্থাপনা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। গত মৌসুমে উত্পাদিত ২ হাজার ১০ টন চিনি বিক্রি হয়েছে। ৪ হাজার টন চিনি এখনো অবিক্রীত অবস্থায় গুদামে রয়েছে।

এ ব্যাপারে মহাব্যবস্থাপক (জিএম) প্রশাসন সাইফ উদ্দীন আহমদ বলেন, ‘শ্রমিক-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে ঠিকই। কিন্তু আমাদের উত্পাদিত চিনির একটি বিরাট অংশও অবিক্রীত অবস্থায় গুদামে পড়ে আছে। যার মূল্য ২৪ কোটি টাকা। চিনি বিক্রি করতে পারলে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হবে।