নিবন্ধন ছাড়া বস্ত্রশিল্প প্রতিষ্ঠানে মিলবে না ব্যাংকিং সুবিধা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন না নিয়ে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা করছে কিছু বায়িং হাউজ ও বস্ত্রশিল্পপ্রতিষ্ঠান। বিভিন্ন অনিয়ম করে এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই নিবন্ধন ছাড়া বস্ত্র খাতের প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, দেশের অভ্যন্তরীণ বস্ত্রের চাহিদা পূরণ, রপ্তানি বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশের বস্ত্র খাতকে যুগোপযোগীকরণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে সহায়তাকরণ, টেকসই উন্নয়ন, বিনিয়োগ আকৃষ্টকরণ, আধুনিকায়ন, সমন্বয় ও মাননিয়ন্ত্রণ, বস্ত্রশিক্ষার ক্ষেত্রে চাহিদাভিত্তিক কারিকুলাম প্রণয়ন, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনবল সৃষ্টি এবং এসংক্রান্ত অন্যান্য কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বস্ত্র আইন, ২০১৮ প্রণীত হয়েছে। এ আইনের ২(৬) ও ১২(২) নম্বর ধারা মোতাবেক বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন ছাড়া কোনো বস্ত্রশিল্প পরিচালনা করা যাবে না। তবে কতিপয় বায়িং হাউজসহ অন্যান্য বস্ত্রশিল্পপ্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন গ্রহণ না করে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা করছে, যা আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বস্ত্র অধিদপ্তরে নিবন্ধিত না হওয়ায় এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আইনি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলেও জানা যায়। এমতাবস্থায় বস্ত্র আইন, ২০১৮ অনুযায়ী দেশের বায়িং হাউজসহ অন্যান্য সব বস্ত্রশিল্পপ্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হওয়া আবশ্যক বিধায় এসব প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকিং সুবিধা প্রদানের ক্ষেত্রে উক্ত আইনের আওতায় গ্রাহক প্রতিষ্ঠানের নিবন্ধনের বিষয়টি নিশ্চিতকরণের জন্য পরামর্শ প্রদান করা হলো।