ছাতকে মুয়াজ্জিন ইয়াকুব হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২১

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে মসজিদের মুয়াজ্জিন ইয়াকুব আলী হত্যা মামলার অন্যতম আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলুকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে নয়টায় গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি ছাতক সার্কেল বিল্লাল আহমদ, ওসি মোস্তফা কামালসহ থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। ২০১৯ সালের ৬ নভেম্বর দিঘলী ও শিবনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের জেরে খুন হন শিবনগর গ্রামের মুয়াজ্জিন ইয়াকুব আলী।

এ ঘটনায় নিহত ইয়াকুব আলীর ভাই আওলাদ আলী বাদী হয়ে পরদিন ছাতক থানায় ৪২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি ওবায়দুর রউফ বাবলু। ছাতক থানার ওসি মোস্তফা কামাল তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।