বিশেষ প্রতিনিধি
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছেন রাজধানীর খিলক্ষেতে অবস্থিত বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোর চালক ও শ্রমিকরা। ৯ মাসের বকেয়া বেতন কয়েক কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি পাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করে গতকাল বুধবার তারা কাজে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ার সাহারা ডিপোর ম্যানেজার নুর-ই আলম।
তিনি বলেন, বিআরটিসি চেয়ারম্যানের আশ্বাসের প্রেক্ষিতে চালক ও শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন। গতকাল সবাইকে এক মাসের বেতন পরিশোধ (প্রায় ৫০ লাখ টাকা) করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি বেতনের আরেকটি কিস্তির টাকা যোগ হবে। পরবর্তী মাস ফেব্রুয়ারিতেও দুই মাসের বেতন পরিশোধ করা হবে। এভাবে পর্যায়ক্রমে বকেয়া বেতনগুলো পরিশোধ করা হবে।
ম্যানেজার নুর-ই আলম আরও বলেন, বেতনের প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনরত চালক ও শ্রমিকরা বেলা পৌনে ১২টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন এবং এরপর ডিপো থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান।
প্রসঙ্গত, বিআরটিসির জোয়ারসাহারা ডিপোতে একতলা, দ্বিতল এবং শীতাতপ নিয়ন্ত্রিত মিলিয়ে ১২০টি সচল বাস রয়েছে। এসব যানবাহনের আয় থেকেই কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু কয়েক বছর ধরে লোকসানের কারণে প্রায় ৫শ কর্মীর বেতন অনিয়মিত হয়ে পড়ে।
