কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে এখনো বন্ধ রয়েছে ফেরি চলাচল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৪

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে এখনো বন্ধ রয়েছে ফেরি চলাচল। পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও সেখানে এখনো ড্রেজিং শুরু হয়নি। এদিকে বিআইডব্লিউটিএ নতুন একটি চ্যানেল শনাক্ত করার দাবী করলেও বিআইডব্লিউটিসি চ্যানেলটি দূরবর্ত্তী বলে এই স্রোতের মধ্যে উপযোগী নয় বলে দাবী করেন। এদিকে এখনো উভয় ঘাটে আটকে রয়েছে শত শত যানবাহন । ভোগান্তি চরম আকার ধারন করেছে।

বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ একাধিক সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে ওই এলাকাটি সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত হওয়ায় সেতু বিভাগের একটি ড্রেজার ডুবোচর এলাকার কাছকাছি এসে পৌছেছে। তবে এখনো ড্রেজিং শুরু করেনি তারা। এ এলাকায় প্রায় ১৬শ ফুট এলাকায় ডুবোচর সৃষ্টি হওয়ায় ফেরি চলতে পারছে না। কখন ড্রেজিং শুরু হবে কখন ফেরি চালু হবে তা নির্দিষ্টভাবে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। অপরদিকে মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলটিতে ৭টি ড্রেজার ড্রেজিং করতে দেখা গেছে। আরো কয়েকটি ড্রেজার আসছে বলে জানা গেছে। ৩৩ লাখ ঘনমিটার পলি অপসাররণর লক্ষ্য নিয়ে প্রায় ৬ লাখ ঘনমিটার পলি অপসারণ সম্পন্ন হয়েছে। এদিকে চায়না চ্যানেলের মুখ ও লৌহজং টার্নিং চ্যানেল বন্ধ থাকায় বিকল্প একটি চ্যানেল সন্ধান পেয়েছে বিআইডব্লিউটিএ। পালেরচর হয়ে এই চ্যানেলটির দূরত্ব প্রায় ২৮ -৩০ কিলোমিটার। কিন্তু এই চ্যানেলটি ব্যবহারে জোর আপত্তি বিআইডব্লিউটিসির। নদীতে তীব্র স্রোত বহমান থাকায় এই চ্যানেলটি দিয়ে পারাপারে ৮-১০ ঘন্টা সময় ব্যয় হবে বলে ধারনা বিআইডব্লিউটিসির। ফলে দিন শেষে খুব বেশি সুসংবাদ নেই রুটটির ফেরি সার্ভিসে।

গত ৬ দিন থেকে ফেরি চলাচল ব্যাহত হওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ থেকে এইরুটে নাব্যসংকটের কারণে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে  ৩টি ফেরি আটকে গেলে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এরআগে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সকল চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে ৫ দিন ফেরি চলে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। কয়েকশ পন্যবাহী ট্রাক ও পরিবহন আটকে পড়েছে। পরিবহনের যাত্রীরা ঘাটে এসে পড়েছে বিপাকে। এ্যাম্বুলেন্স রুগীরা পড়ছেন চরম বিপাকে। আর লঞ্চ ও স্পীডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী হাসান আহমেদ বলেন, পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে তাদের অধিগ্রহণকৃত এলাকা। সেখানে তারা ড্রেজার আনছে। এখনো ড্রেজিং শুরু হয়নি। সেতুর উজানে আমরা ২টি ড্রেজার বসাচ্ছি। লৌহজং টার্নিং চ্যানেলে জোড়ালো ড্রেজিং চলছে। ৪/৫দিনের মধ্যে এটি চালু হবে।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, পদ্মা সেতুর পিলার এলাকায় চায়না ড্রেজার এখনো কার্যক্রম শুরু করেনি। তাই নাব্যতা সংকট এখনো কাটেনি। আমরা পালেরচর হয়ে নতুন একটি চ্যানেল শনাক্ত করেছি। এর দূরত্ব ২৮-৩০ কিলোমিটার।

চ্যানেলটির ব্যাপারে জোড়ালো আপত্তি তুলে বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ বলেন, তারা নতুন যে চ্যানেলটি বলছে সেটি নরিয়ার কাছাকাছি। সেখান দিয়ে ফেরি পার হতে ৮-১০ ঘন্টা সময় লাগবে এই স্রোতে। এত বড় ফেরি সার্ভিস সম্ভব না। ৩ ঘন্টার উপর ফেরি চালানোর সুযোগ নেই।

ইত্তেফাক/আরকেজি