ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর জুরাইনের মাদ্রাসা রোডের টিনশেড বাড়ি থেকে নদী আক্তার (১৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করেছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকালে ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্র জানায়, ৮ মাস আগে প্রেমের সম্পর্কের জের ধরে ট্রাক হেলপার সাজ্জাদ হোসেনের সাথে বিয়ে হয় নদীর। তারা জুরাইন মুরাদপুরের মাদ্রাসা রোডের ২১০ নম্বর টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
মৃত নদীর স্বামী সাজ্জাদ হোসেন জানান, রাতে ডিউটি শেষে সোমবার সকালে বাসায় ঘুমাতে যান। এসময় তার মা সাজেদা বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে নদীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এর কিছু সময় পর নদী সাজ্জাদের রুম বাইরে থেকে আটকিয়ে পাশের আরেকটি রুমের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিত্সকরা জানান, নদীর আগেই মৃত্যু হয়েছে।
