বিএনপি রাজনীতি থেকে দেউলিয়া হয়ে গেছে :দিলীপ বড়ুয়া

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২২:১১

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ব্যবসা নয়, জনগণের সেবা করার দিকে মনোযোগী হতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এই মনোভাবের কারণেই পাঁচ বছর মন্ত্রী থাকার পরে এখন তিনি স্বাচ্ছন্দ্যে রিকশায় চলাচল করেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানানো উপলক্ষে গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাজনীতিতে বিএনপির কোণঠাসা অবস্থার জন্য ওই দলটিকেই দায়ী করে দিলীপ বড়ুয়া বলেন, বিএনপি মেধাশূন্য রাজনীতির কারণে তারা আজ রাজনীতি থেকে দেউলিয়া হয়ে গেছে।

শেরে বাংলা এ কে ফজলুল হকের গড়া কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে শেরে বাংলা জাতীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ কে ফাইয়াজুল হক রাজু, কৃষক শ্রমিক পার্টির উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শাহ আলম, পার্টির কো-চেয়ারম্যান ফরিদ হোসেন, ভাইস চেয়ারম্যান তিননা খুরশীদ জাহানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।