কামরুন নাহার
ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মরহুমা কামরুন নাহারের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি বৃহস্পতিবার। তিনি ঢাকা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট এ কে এম খলিলুর রহমানের একমাত্র কন্যা ও টিভি উপস্থাপক জিল্লুর রহমানের বোন। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আত্মীয়-পরিজন, শুভানুধ্যায়ীদের মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আবুল হাসেম
আজ বৃহস্পতিবার সিংহখালী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিক্ষাবিদ আবুল হাসেম এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উক্ত কলেজে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সিংহখালীতে তাঁর পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও এতিম ভোজের আয়োজন করা হয়েছে। তিনি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলাধীন সিংহখালী গ্রামে নিজ বাড়িতে প্রাইমারী, হাই স্কুল ও কলেজ, মসজিদ ও মাদ্রাসা, পোস্ট অফিস ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সিংহখালীতে তার দানকৃত জমিতে বর্তমানে একটি ১০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও বাগেরহাট জেলাসমূহে একজন শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন এবং এসব অঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে অবদান রেখেছেন। তিনি ‘ভাণ্ডারিয়া দর্পণ’ শিরোনামে আঞ্চলিক ইতিহাসের একটি বই লিখেছেন।
