জেলার সুবর্ণচর উপজেলার মধ্যবাগ্গায় ৩০ ডিসেম্বর মধ্যরাতে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে এক নারীকে গণধর্ষণ এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনার আরো দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বুধবার জেলার ২ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নবনিতা গুহ মামলার প্রধান আসামি মো. সোহেল ও জসিম উদ্দিনের জবানবন্দি গ্রহণ করেন। পরে তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
জেলার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ এ বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল ও জসিম এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আদালতে। এর আগে গত সোমবার আসামি সালাহ উদ্দিন ও আবুল হোসেন আবুল ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রিমান্ডে পাঁচ আসামি রুহুল আমিন, হাছান আলী ভুলু, স্বপন, বেচু ও বাদশা আলম বাসুকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে।
