সাত পেসার নিয়ে যাবে বাংলাদেশও

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭

স্পোর্টস রিপোর্টার

তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ঘায়েল করতে পেসারদের ওপরই ভরসা করছে শ্রীলঙ্কা। সম্প্রতি ঘোষিত লঙ্কানদের টেস্ট পুলে রাখা হয়েছে এক ঝাঁক গতিময় পেসার। খেলাও হবে পেস সহায়ক উইকেটে। স্বাগতিকদের জবাব দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশও। গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, স্কোয়াডে সাত পেসার নিয়ে লঙ্কা যাবে বাংলাদেশ। তিনি বলেছেন, ‘ওদের দল দেখেছি। আমরা জানি পাল্লেকেলেতে পেস উইকেট। আমরাও সাত পেসার নিয়ে যাব।’ নির্বাচকরা প্রাথমিক দল তৈরি করে রেখেছেন। যেখানে তরুণ হাসান মাহমুদকেও রাখা হচ্ছে। দ্রুতগতির এই ডানহাতি পেসার নির্বাচকদের লঙ্কা সফরের পরিকল্পনায় আছেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডি কোচ রায়ান কুক গতকাল রাতেই ঢাকায় পৌঁছানোর কথা। ডমিঙ্গোর সঙ্গে আলাপ শেষে আগামীকালই ২১ সদস্যের প্রাথমিক দল বিসিবিতে জমা দিবেন নির্বাচকরা। কাল একই সঙ্গে বাংলাদেশ দল ও এইচপি স্কোয়াড ঘোষণা হতে পারে।