ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল থেকে জানা যায়, উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ মো. মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট।
৩০ ডিসেম্বর অনিয়ম ও সংঘর্ষের কারণে স্থগিত হওয়া আশুগঞ্জের তিনটি কেন্দ্রে বুধবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকালে ভোট গননা শেষে তিন কেন্দ্রে ফলাফলে বিএনপি প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৭৪ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন পেয়েছেন ২৮৫৫ ভোট। তিনটি কেন্দ্রেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন। তবে আগে থেকে ১০ হাজার ১৫৯ ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার জয়ী হন।
তিনটি কেন্দ্রের মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ৩০১৬, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩৮৪০ এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩৭১৭। সকালে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি থাকলেও দুপুরে মাঠ ছিল ফাঁকা।
উল্লেখ্য ৩০ ডিসেম্বর ভোট চলাকালে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে। এরপরই এই তিন কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনঃনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
