লেবাননে ৩ হাজার ৩৬০ কেজি গ্লাস সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৮

বাংলাদেশ সরকার ও এফবিবিসিআইয়ের যৌথ উদ্যোগে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জরুরি ভিত্তিতে ৩ হাজার ৩৬০ কেজি গ্লাস সহায়তা হিসেবে লেবাননে পাঠানো হয়েছে। এ বিষয়ে লেবানন সরকার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, লেবাননের বৈরুতের বন্দর এলাকায় গত ৪ আগস্টের ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানিসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। এ সময় বৈরুতের বিভিন্ন বাসভবন, কলকারখানা ও স্থাপনাসমূহের দরজা-জানালার গ্লাস ভেঙে যায়। এ কারণে লেবানন সরকারের পক্ষ থেকে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে গ্লাসসামগ্রী চাওয়া হয়। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ হতে খাদ্যপণ্য ও জরুরি চিকিত্সাসামগ্রী লেবাননে প্রেরণ করা হয়।