আইন সংশোধন করে জামায়াতের বিচার করা হবে -------------আইনমন্ত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২২:২৪

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার শুরুর জন্য আবারও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আবারও আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেব, যাতে এটা মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

গতকাল বুধবার সচিবালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিভাগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। এ সময় আইনমন্ত্রী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘নেপথ্যে’ জড়িতদের চিহ্নিত করতে একটি কমিশন গঠন করা হবে বলেও জানান।

উল্লেখ্য, সাড়ে চার বছর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু আইনি জটিলতার কারণে দল হিসেবে জামায়াতের বিচার আটকে আছে। আওয়ামী লীগের গত সরকারের মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও তা আর আলোর মুখ দেখেনি।