এক মাছ ৫৫ হাজার ৯০০ টাকায় বিক্রি!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে একটি বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে, তার ওজন ৪৩ কেজি। মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। 

স্থানীয়রা মাছটিকে এক নজর দেখার জন্য ভিড় করেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে দৌলতদিয়া পদ্মা নদীর কবিবপুরচর এলাকার আনন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

সোমবার সকাল ৬ টার দিকে ওই মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুলাল মন্ডলের মাছের আড়তে নিয়ে আসে। পরে শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও শেখ নুরু মাছটি ১ হাজার ১৪০ টাকা কেজি দরে ৪৯ হাজার ২০ টাকা দিয়ে ক্রয় করেন।

আরও পড়ুন: ইউএনও’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন

জেলে আনন্দ হালদার বলেন, ‘অনেক দিন পরে আমার জালে এত বড় বাগাড় মাছ ধরা পড়লো। সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। জেলেদেরকে সঙ্গে নিয়ে পদ্মার মাঝ নদীতে জাল ফেললে ভোররাতে দৌলতদিয়া পদ্মা নদীর কবিবপুরচর এলাকা থেকে বাগাড় মাছটি ধরা পড়ে। এত বড় বাগাড় মাছ আগে আমার জালে ধরা পড়ে নাই, মাছটি ধরা পড়ায় আমার নৌকার জেলেরা খুব খুশি। মাছটি পেয়ে তাজা অবস্থায় দৌলতদিয়া ঘাট এলাকার দুলালের মাছের আড়তে নিয়ে আসলে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও নুরু শেখ ৪৩ কেজির বাগাড় মাছটি ১ হাজার ১৪০ টাকা কেজি দরে ৪৯ হাজার ২০ টাকা দিয়ে কিনে নেন।

দৌলতদিয়া ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ‘৪৩ কেজির বাগাড় মাছটি ১ হাজার ১৪০ টাকা কেজি দরে ৪৯ হাজার ২০ টাকা দিয়ে কিনেছিলাম। পরে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ঢাকায় ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯০০ টাকায় বিক্রি করে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম