ঢাকার ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জুলহাস উদ্দিন হত্যা মামলায় গ্রেফতার হওয়া মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি জানান, কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার যুবলীগ বহন করবে না। যুবলীগ কোনো অপরাধ বা অপরাধীকে সমর্থন কিংবা প্রশ্রয় দেয় না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয় সাংবাদিক জুলহাস উদ্দিনকে। এ ঘটনায় দুই অভিযুক্ত শাহিন ও মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। মোয়াজ্জেম মানিকগঞ্জ সদর উপজেলার আটিরচর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
আরো পড়ুনঃ ফুলবাড়ীতে নদী ভাঙনে বিলীনের সরকারি প্রাথমিক বিদ্যালয়
ঘটনার পরের দিন শুক্রবার নিহতের বোন রিনা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় শাহিন ও মোয়াজ্জেমসহ ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাকি আসামিরা হলেন—মানিকগঞ্জ জেলা সদরের বারাহিরচর গ্রামের মৃত বিষু ব্যাপারীর ছেলে মো. শাহিন (৩৫), তিনি নিহত জুলহাস উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী। তৈমুর হোসেন তুলার ছেলে আনিস (৩৪), ধামরাইয়ের চারিপাড়া গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে আল মামুন (৩৮) ও আব্দুল মালেক (৪০)।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, এ ঘটনায় শাহিন ও মোয়াজ্জেমকে চার দিনের রিমান্ডে আনা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এমএএম
