মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিকের মৃত্যুতে আরেফিন সিদ্দিকের শোক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১১

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এক শোকবার্তায় সিদ্দিক বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, বিভিন্ন উপাদান, উপকরণ ও অনুষঙ্গ এগুলো একেবারে শূন্য অবস্থা থেকে সংরক্ষণ করে মুক্তিযুদ্ধ জাদুঘর যে অবস্থায় গেছে, এটার পেছনে জিয়াউদ্দিন তারিক আলীর যে অবদান সেটি সবসময় স্মরণ করব।’

তিনি বলেন, ‘তার মৃত্যু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে শূন্যতা সৃষ্টি করেছে। এই শূন্যতা সহজে পূরণ হবে না। মুক্তিযুদ্ধ জাদুঘরে তার যে অবদান সেটি প্রজন্ম থেকে প্রজন্মের ছেলে-মেয়েদের সঙ্গে তারিক আলীর সাথে সংযুক্ত করে রাখবে।’ 

আরও পড়ুন: করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী

তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উল্লেখ্য, পাঁচদিন আগে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ভর্তি হয়েছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ইত্তেফাক/এএএম