রাজধানীর সাভার-উত্তরা-মিরপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলাকালে মঙ্গলবার গুলিতে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি। অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মানুষের নিরাপত্তা এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। মির্জা ফখরুল বলেন, যে শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাদের যৌক্তিক দাবি দাওয়ার প্রতি তাচ্ছিল্য নয়; এখন তাদের ন্যায্য দাবিকে দমাতে দমননীতি অবলম্বন করা হচ্ছে। সরকার শ্রমিকের ন্যায্য দাবিকে ভয়ের চোখে দেখছে।
তিনি বলেন, জনগণের ঐক্যই আমাদের একমাত্র ভরসা। এ ঐক্যের ওপর ভর করেই আমরা গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার করবো। আমি গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আহবান জানাচ্ছি। আমি নিহত শ্রমিক সুমনের রুহের মাগফিরাত কামনা করছি।
