একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন দল বাংলাদেশ আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক।
মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় মিয়ানমারের প্রেসিডেন্ট বলেন, আমি শেখ হাসিনার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দুই দেশের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, আমি বিশ্বাস করি শুভ ইচ্ছা ও ভালো প্রতিবেশীসুলভ আন্তরিকতার ভিত্তিতে আমাদের যৌথ প্রচেষ্টায় মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন ও সহযোগিতা আরও বৃদ্ধি ও জোরদার হতে পারে। মিয়ানমারের প্রেসিডেন্ট জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
অন্যদিকে পৃথক এক অভিনন্দন বার্তায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক বলেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার সুযোগ্য নেতৃত্বে দেশ গঠন ও উন্নয়নে বাংলাদেশের জনগণ আরও অনেক কিছু অর্জন করতে পারবে। তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়ন সহযোগিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশের এবং এর জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমুখী সহযোগিতার বিষয়গুলো আরও এগিয়ে নিতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলু। গতকাল বুধবার এক শুভেচ্ছা বার্তায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত কয়েক বছর ধরে উচ্চ পর্যায়ের সফর এবং যোগাযোগ দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে দৃঢ় করেছে। আপনার দায়িত্বকালে এ সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
