এক মাসের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের সমস্যার সমাধান -------------বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০০:৩৩

আগামী এক মাসের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। তিনি বলেন, নতুন বেতন কাঠামোর কারণে কোনো শ্রমিকের যদি বেতন কমে যায় তাহলে তা আগামী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে।

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ধৈর্য ধারণ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। প্রতিশ্রুতি দেওয়ার পরও কারখানা ভাঙচুর কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় বলে তিনি জানান।

টিপু মুন্সী বলেন, নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক পক্ষের ৫ জন, মালিক পক্ষের ৫ জনসহ শ্রম এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর গার্মেন্টস শ্রমিকদের বেতনের বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এই ধরনের আন্দোলনে অনেক সময় বাইরের লোক ঢুকে যায়। সে বিষয়টি সরকার কঠোরভাবে নজরদারি করছে।

উল্লেখ্য, সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে ঢাকার মিরপুর, সাভার-আশুলিয়াসহ গাজীপুরের বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করছে।

 দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করে গত ২৫ নভেম্বর গেজেট প্রকাশ করে সরকার। ডিসেম্বরের ১ তারিখ থেকে তা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মূল্যস্ফীতি বৃদ্ধি ও অন্য খাতের শ্রমিকদের মজুরির বিবেচনায় ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানায় গার্মেন্টস খাতের শ্রমিকরা।