করোনা পরিস্থিতির কারণে অনলাইনে চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছে উত্তরার গ্যালারি কায়া। বাংলাদেশ ও ভারতের শিল্পীদের শিল্পকর্মে সজ্জিত এই আয়োজনটির শিরোনাম দেওয়া হয়েছে ‘সেপ্টেম্বর সিলেক্ট’। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এই যৌথ প্রদর্শনী। শিল্পরসিকরা প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন www.facebook.com/gallerykaya ঠিকানায়।
এ প্রসঙ্গে গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্যালারিতে শিল্পকর্ম সাজিয়ে প্রদর্শনীর আয়োজন করা সম্ভব হচ্ছে না। সে কারণে প্রদর্শনীর আয়োজনে বিকল্প প্ল্যাটফরম হিসেবে অনলাইনকে বেছে নেওয়া হয়েছে। এর আগেও একইভাবেই দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সেগুলোতে আমরা ভালো সাড়া পেয়েছি।
এই প্রদর্শনীতে চিত্রকর্মের পাশাপাশি রয়েছে ভাস্কর্য। বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত শিল্পীদের সঙ্গে স্থান পেয়েছে তরুণ শিল্পীদের কাজ। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন— সমরজিত্ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, কে জি সুব্রামানিয়াম, বি আর পানেশ্বর, অমিতাভ ব্যানার্জি, আমিনুল ইসলাম, সনত্ কর, লালু প্রসাদ সাঁউ, যোগেন চৌধুরী, মনিরুল ইসলাম, রফিকুন নবী, মনসুর-উল-করিম, আদিত্য বসাক, তরুণ ঘোষ, রতন মজুমদার, কামাল আহমেদ, কাজী রকিব, রণজিত্ দাস, আহমেদ শামসুদ্দোহা, মাসুদা কাজী, অজিত শীল, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, চন্দ ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী, অতিন বসাক, মোহাম্মদ ইকবাল, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, নগরবাসী বর্মণ, মো. সাফিন ওমর, জয়ন্ত নস্কর, শেখ মো. রোকনুজ্জামান, আশরাফুল হাসান, কামালউদ্দীন, বিশ্বজিত্ গোস্বামী, রুহুল আমিন তারেক, সোহাগ পারভেজ, শাহনুর মামুন, সুমন ওয়াহিদ, দিদারুল হোসেন লিমন, ফাহাদ উদ্দীন, কামরুল খান ও ঋতুশ্রী দাশ। সব মিলিয়ে প্রদর্শনীতে দেখা যাবে ৪৪ শিল্পীর সৃজিত ১৭৬টি শিল্পকর্ম। প্রদর্শনীটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
