ঘন কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০০:৩৪

ঘন কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও  ট্রাক টার্মিনালে সমিতির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার। সভায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান বলেন, বর্তমান সময়ে ঘন কুয়াশা বেশি থাকায় প্রায়ই সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের জান-মালের ক্ষতি হচ্ছে। তাই সড়ক-মহাসড়কে চলাচলকারী সকল পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়িকে এই ঘন কুয়াশায় সতর্কতার সঙ্গে ধীরে গাড়ি চালানোর আহ্বান জানান। এছাড়া অতিরিক্ত ঘন কুয়াশায় অবশ্যই ফগ লাইট ব্যবহার এবং অতিরিক্ত ঘন কুয়াশা থাকলে নির্দিষ্ট কোনো নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে রাখার আহ্বান জানান।