এরশাদ বিরোধী দলীয় নেতা জিএম কাদেরকে উপনেতা হিসেবে প্রজ্ঞাপন প্রস্তুত

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০০:৩৪

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদকে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও দলটির কো-চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে প্রজ্ঞাপন প্রস্তুত করেছে সংসদ সচিবালয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনের পর গতকাল বুধবার বিকালে সংসদ সচিবালয়ের মানব শাখা- ১ এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রস্তুত করে। তবে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় সংসদের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া সংসদীয় দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে  (রংপুর ৩)  ও গোলাম মোহাম্মাদ কাদেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্পিকার ৃতি প্রদান করেছেন।’ স্বীকৃতি একাদশ জাতীয় সংসদের রংপুর-৩ আসনের সদস্য হিসেবে এরশাদ গত ৬ জানুয়ারি স্পিকারে কাছে শপথ নেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে এরশাদসহ জাপার ২২জন সংসদ সদস্য নির্বাচিত হন। দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের নেতৃত্বে জাপার অপর ২১ জন এমপি ৩ জানুয়ারি শপথ নিলেও অসুস্থতার কারণে সেদিন শপথ নিতে পারেননি এরশাদ।

হাঁটুর সমস্যার কারণে শপথ নেওয়ার আগেরদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। পরদিন হাসপাতাল থেকে সংসদ ভবনে গিয়ে তিনি শপথ নেন। শপথের পর সংসদ ভবন থেকে এরশাদ বারিধারার বাসায় যান। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর তিনি আবারও সিএমএইচে ফিরে যান। জাপার দায়িত্বশীল একাধিক নেতা ও এরশাদের ব্যক্তিগত স্টাফরা ইত্তেফাককে জানান, গত কয়েকদিন ধরে এরশাদ একেবারেই হাঁটতে পারছেন না। এমনকি নিজে নিজে উঠে দাঁড়াতেও পারছেন না। সিএমএইচের চিকিত্সকরা তাকে আরও ৩-৪ দিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।

সংরক্ষিত নারী আসনে চারজনকে এরশাদের মনোনয়ন

এদিকে, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে জাপা থেকে চারজনকে মনোনয়ন দিয়েছেন দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের কাছে চিঠিও পাঠিয়েছেন এরশাদ। সংরক্ষিত মহিলা আসনে জাপার মনোনয়নপ্রাপ্তরা হলেন- পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), ডা. শাহীনা আক্তার (কুড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী) ও  মনিকা আলম  (ঝিনাইদহ)। তাদের মধ্যে পারভীন ওসমান হলেন জাপার সাবেক এমপি মরহুম নাসিম ওসমানের স্ত্রী, ডা. শাহীনা হলের কুড়িগ্রামের জাপার সাবেক এমপি আক্কাসুর রহমানের স্ত্রী, নাজমা আখতার ফেনী জেলা জাপার আহ্বায়ক ও জাতীয় মহিলা পার্টির সাবেক সাধারণ সম্পাদক, আর মনিকা ঝিনাইদহ জাপার পুরনো নেত্রী।