স্বাস্থ্য অধিদফতরের পরিচালকসহ ৪ কর্মকর্তাকে দুদকে তলব

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০০:৩৫

সিন্ডিকেট করে ভুয়া টেন্ডারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাত্ করে বিদেশে পাচারের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. কাজী জাহাঙ্গীর হোসেনসহ চার কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তলবকৃত অন্য তিন কর্মকর্তা হলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. আব্দুর রশীদ, সহকারী পরিচালক (বাজেট) ডা. আনিসুর রহমান এবং হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন। এ চারজনকে আগামী ১৪ জানুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ইত্তেফাককে বলেন, স্বাস্থ্য অধিদফতরে সিন্ডিকেট করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে এবং ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাত্ করে বিদেশে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে এ চার কর্মকর্তার বিরুদ্ধে। ২০১৮ সালের প্রথম দিকে এ অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অনুসন্ধান করছে। অনুসন্ধানের স্বার্থে তাদের নোটিশ পাঠিয়ে আগামী ১৪ জানুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়েছে। গতকাল বুধবার দুদকের উপ-পরিচালক সামছুল আলম স্বাক্ষরিত এ তলবি নোটিশ ওই চার কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, চিঠিতে তলবকৃতদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপি, নিজ ও পরিবারের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ ও আয়কর নথিসহ হাজির হতে অনুরোধ করা হয়েছে।