পাল্টে যেতে শুরু করেছে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা। গত ২৭ জুলাই ড. রহিমা খাতুন জেলা প্রশাসক হিসাবে মাদারীপুরে যোগদান করেন। যোগদান করার কিছুদিন পর তিনি জেলার ৪ উপজেলার ইউএনওসহ একাধিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিগত দিনের ডিসি সাহেবরা যেভাবে চালিয়েছে আমি একটু ব্যতিক্রম চালাব। কারণ আমি নিজে দুর্নীতি করব না অন্যকে দুর্নীতি করতে দিব না।’
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যায়-অনিয়ম, ঘুষ-দুর্নীতি রুখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা। সেবা প্রদানের লক্ষ্যে তৃতীয় তলায় ফ্লোরম্যাপ, প্রজেক্টর, সিসি ক্যামেরা, সহায়তা কেন্দ্র, মন্তব্য রেজিস্ট্রার, জনগণের বসার স্থান, মুক্তিযোদ্ধাদের আলাদা বসার জায়গা, কর্মকর্তা ও কর্মচারীদের আরও দায়বদ্ধতা ও জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
ইতিমধ্যে তিনি শিবচরে পদ্মা সেতু রেল লাইন এলাকা পরিদর্শন করে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পেতে কোন দালালদের শরণাপন্ন না হতে ক্ষতিগ্রস্তদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ সভা করেন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়সহ ভূমি সংক্রান্ত যে কোন অফিসে কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই সঠিক সেবা পাওয়ার আশ্বাস দেন এবং স্বচ্ছতা নিশ্চিতে ডিসি অফিসসহ জেলার ৪ উপজেলায় নানামুখী উদ্যোগ নিয়েছেন তিনি।
অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরণ পেতে আসা এক ব্যক্তি সাথে কথা হলে তিনি বলেন, ‘আজকে প্রায় দুই বছর পর আমরা একটা চেক হাতে পেলাম। আমি অনেক খুশি। কারণ দুই বছর আগে কারোর মাধ্যমে অসৎ উপায়ে অন্য লোক টাকা তুলে নিয়ে যায়। তারপর নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন স্যারের সাথে দেখা করে তাকে বিস্তারিত বলি। তারপর আমরা আইনের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হয়রানি ছাড়াই চেক হাতে পেয়েছি।’
আরও পড়ুন: বিবাহে ব্যর্থ হয়ে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ, আটক ৭
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার মো. মাইনুল হাসান ও মো. রাসেল আহম্মেদ বলেন, ‘জেলা প্রশাসক ড. রহিমা খাতুন স্যার মাদারীপুরে যোগদানের পর থেকে পাল্টে যেতে শুরু করেছে এলএ শাখা। আগে মানুষের মাঝে এলএ শাখার সম্বন্ধে একটা অস্বাভাবিক ধারণা ছিল। এখন মানুষের মাঝে সেই ধারনাটা নেই বললেই চলে। কোনো প্রকার হয়রানি ছাড়াই আমরা ক্ষতিগ্রস্তদেরকে সেবা দিয়ে যাচ্ছি।’
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ শাখা, অর্পিত সম্পত্তি শাখা)’র কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক বলেন, ‘গত বৃহস্পতিবার জেলা প্রশাসক ড. রহিমা খাতুন স্যারের নেতৃত্বে উপ-পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপ-সচিব আজহারুল ইসলাম স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন বাচ্চু স্যার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন স্যারসহ আরও অনেকেই এলএ শাখা পরিদর্শন করেন। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পেতে আসা ক্ষতিগ্রস্তদের সাথে তারা কথা বলেন। ক্ষতিগ্রস্তরা তাৎক্ষণিক জেলা প্রশাসক স্যারকে বলেন, এখন কোনো প্রকার হয়রানি ছাড়াই এলএ শাখার কর্মকর্তা ও কর্মচারীরা আমাদের সেবা দিচ্ছেন।’
ইত্তেফাক/এএএম

