ক্যাপশন নিউজ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৬

৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এক ভয়াবহ বিষ্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪৭ জন দগ্ধ হয়েছেন এবং এপর্যন্ত মোট ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। মর্মান্তিক ঘটনাটির কারণ অনুসন্ধানে এবং ঘটনাস্থল পরিদর্শনে সম্প্রতি বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)-এর যৌথ উদ্যোগে ৫ সদস্য বিশিষ্ট একটি অভিজ্ঞ ও প্রকৌশলী দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশ-ইসাবের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মনজুর আলম; ভাইস প্রেসিডেন্ট, মাহমুদুর রশীদ; জয়েন্ট সেক্রেটারি জেনারেল, জাকির উদ্দিন আহমেদ; পাবলিসিটি সেক্রেটারি, ইঞ্জিনিয়ার আল ইমরান হোসেন; সদস্য এবং ইঞ্জিনিয়ার নাফিস রহমান; সদস্য উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় ঘটনাস্থল পর্যবেক্ষণ, কারিগরী ও বৈদ্যুতিক সরঞ্জাম বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এই অনুসন্ধানী দল সকল তথ্য-উপাত্য বিশ্লেষণ করে অতি দ্রুত একটি রিপোর্ট প্রকাশ করবে বলে উপস্থিত সাংবাদিকদের অবগত করেন।