কর্মক্ষম প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে চাকরি মেলা। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় মেলা শেষ হবে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
আয়োজকরা জানান, প্রতিবন্ধী জনবলের কর্মসংস্থান সৃষ্টি, তাদের দক্ষতা ও সামর্থ্যের বিষয়ে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে অবহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সম্পর্কে সচেতনতা বাড়ানো এর প্রধান উদ্দেশ্য।
উদ্বোধনী দিনেই মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপক সাড়া মিলেছে। দেশের বিভিন্ন স্থান থেকে চাকরির সন্ধানে গতকাল মেলায় এসেছেন হাজার দেড়েক প্রতিবন্ধী ব্যক্তি। মেলায় অংশ নিয়েছে অন্তত ২০টি চাকরিদাতা প্রতিষ্ঠান। মেলায় আসা প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্তসহ সাক্ষাত্কার গ্রহণ করছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। প্রায় ৫’শ চাকরি প্রত্যাশী এতে অংশ নেন। সাক্ষাত্কারের পর মেলা চলাকালীন সময়েই অনেক আবেদনকারী নিয়োগপত্র পেয়েছেন। আবার অনেক প্রতিষ্ঠান যাচাই-বাছাইয়ের জন্য সময় নিয়েছে।
মিরপুর থেকে মেলায় চাকরির খোঁজে আসা রুমন আহমেদ শিশু বয়সে পোলিওতে আক্রান্ত হলে বাঁ পায়ে সমস্যায় পড়েন। ক্র্যাচের ওপর ভর করে চলাফেরা করা রুমন ফিন্যান্স মেজর হিসেবে নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছেন। মেলায় তার জীবনবৃত্তান্ত জমা দিয়ে সাক্ষাত্কার দিয়েছেন বলে জানান। তিনি বলেন, চাকরি পেলে উপকৃত হবো। বেকার জীবন পার করছি। চাকরি পেলে পরিবারের হাল ধরতে পারবো। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান থেকে তাকে চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
রংপুর থেকে মেলায় এসে চাকরির সাক্ষাত্কার দিতে আসা প্রতিবন্ধী যুবক নাজমুল হোসেন বলেন, সব প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের চাকরি দিতে চায় না। ফলে উচ্চশিক্ষা সম্পন্ন করেও বেকার হয়ে বসে আছি। এ ধরনের চাকরির মেলা করে প্রতিবন্ধীদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করলে অনেক প্রতিবন্ধী চাকরি করতে আগ্রহী হবেন। অগণিত প্রতিবন্ধী বিশেষ কাজে সাধারণ সুস্থ মানুষের মতোই চাকরি করতে সক্ষম।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মিন আরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক।
নুরুজ্জামান আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ও অধিকার বঞ্চিত ব্যক্তি-শিশুদের লালন করে কর্মসংস্থানের নানা কার্যক্রম গ্রহণ করা হয়। সারাদেশের চাকরি প্রত্যাশী কর্মক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাকরি মেলা আয়োজন করা হয়েছে। শুধু সরকারের নয়, প্রতিবন্ধীদের কাজের সুযোগ তৈরি করে দেওয়ার দায়িত্ব দেশের সব নাগরিকের।
