মাছি তাড়াতে গিয়ে উড়ল রান্নাঘর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

মাছি নিয়ে সব থেকে বেশি ভয়ের বিষয় হচ্ছে— মাছি অনেক বেশি রোগ জীবাণু বহন করে। তাই মাছি নিয়ে অনেকেই একটু বাড়তি সতর্ক থাকেন। আর কেউ যদি সারাদিন পরিশ্রমের পরে খেতে বসলে মাছির উত্পাত শুরু হয় তাহলে কার না মেজাজ চড়ে যায়। এদিন ফ্রান্সে রাতের খাবার বসা এক ব্যক্তিকে এমনই জ্বালিয়ে মারছিল একটি মাছি। আর সেই মাছি মারতে গিয়েই নিজের রান্নাঘর উড়িয়ে দিয়েছেন ঐ ব্যক্তি।

আশি বছর বয়সি ঐ ব্যক্তি বিরক্ত হয়ে বাসায় থাকা মশা-মাছি মারার ইলেকট্রিক র্যাকেটটি হাতে তুলে নেন। কিন্তু কে জানতো, ঘরের কোনায় রাখা গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে এরই মধ্যে রান্নাঘরে জমে গেছে বেশ কিছু পরিমাণ দাহ্য গ্যাস।               মাছি মারতে র্যাকেটের সুইচ অন করতেই বাতাসে ভাসমান গ্যাসের সংস্পর্শে আসে র্যাকেটের বৈদ্যুতিক স্ফূলিঙ্গ। আর তাতেই ঘটে বড়োসড়ো বিস্ফোরণ। বিস্ফোরণে পুরোপুরি ধসে যায় রান্নাঘর, ক্ষতিগ্রস্ত হয় বাড়ির ছাদ। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন ঐ বৃদ্ধ। একটি হাত পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি তার। অবশ্য মাছিটি মরেছে কি না সেটা জানা যায়নি।—বিবিসি