বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে একে অপরের বিরুদ্ধে উসকানিমূলক গুলি ছোড়ার অভিযোগ করেছে ভারত এবং চীন। সোমবার রাতে সীমান্তে গুলিবর্ষণের ঘটনা ঘটে। মস্কোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সম্ভাব্য বৈঠকের আগে এ ঘটনা ঘটল। খবর বিবিসি ও রয়টার্সের।
চীনের অভিযোগ
পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র সিনিয়র কর্নেল ঝ্যাং শুইলিকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ভারতীয় সৈন্যরা বেআইনিভাবে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) অতিক্রম করে শেনপাও পাহাড়ি এলাকায় প্যানগং সো লেকের দক্ষিণ তীরে প্রবেশ করেছে। ভারতের এই পদক্ষেপ দুই পক্ষের সমঝোতার গুরুতর লঙ্ঘন। কর্নেল ঝ্যাং বলেন, ঐ এলাকায় উত্তেজনা বাড়িয়ে দিয়েছে যা সেখানকার প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর। চীন ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের একটি সমঝোতা অনুযায়ী, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে কোনো দেশই আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বহন করবে না। তবে সৈনিকদের মধ্যে অতীতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র আরো দাবি করেছেন, ভারতের উচিত অতিসত্বর তাদের বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধ করা, যারা এলওসি অতিক্রম করেছে, তাদের সরিয়ে নেওয়া এবং যারা উসকানিমূলক গুলি করেছে, তাদের শাস্তির ব্যবস্থা করা। বিতর্কিত সীমান্ত এলাকার কাছ থেকে অপহূত পাঁচ ভারতীয় নাগরিকের খোঁজ পাওয়া গেছে।
পালটা দাবি ভারতের
ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে গতকাল জানিয়েছে, সোমবার রাতে চীনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের ফরোয়ার্ড বেসের কাছাকাছি চলে আসে। তাদের বুঝিয়ে নিরস্ত্র করার চেষ্টা করে ভারতীয় সেনা। তখনই ভারতীয় সেনাকে ভয় দেখাতে আকাশের দিকে কয়েক রাউন্ড গুলি চালায় চীনা বাহিনী। যদিও এত প্ররোচনা সত্ত্বেও ভারতীয় সেনাবাহিনী কোনো ভুল পদক্ষেপ নেয়নি। বরং তাদের প্রতিহত করে।
