আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বুধবার তাদের অফিসিয়াল পেজে এই র্যাংকিং প্রকাশ করা হয়। দীর্ঘদিন ধরেই টি টোয়েন্টিতে ব্যাটিংয়ের শীর্ষে ছিলেন পাকিস্তানী ক্রিকেটার বাবর আজম। তবে এবার তাকে পিছু হটিয়ে দিলেন ইংল্যান্ডের ডাওয়িড মালান। ক্যারিয়ারে প্রথমবারের মতো র্যাংকিংয়ের শীর্ষে উঠে এলেন এই ইংলিশ ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেটে ডাওয়িড মালানের ক্যারিয়ারটা খুব বড় না হলেও মাঠে সব সময় নিজের প্রতিভা বিকাশে কখনও পিছপা হননি। ২০১৭ সালে অভিষেকের পর থেকে খেলেছেন মাত্র ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে এই ক'টা ম্যাচেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তার ইনিংসগুলো: ৭৮, ৫০, ১০, ৫৯, ৫৩, ১১, ৩৯, ৫৫, ১০৩*, ১১, ২৩, ৫৪*, ৭, ৬৬, ৪২, ২১।
সবমিলিয়ে ১৬ ম্যাচে তার সংগ্রহ ৬৮২ রান। গড়টাও আকাশচুম্বী, ৪৮.৭১। স্ট্রাইক রেট ১৪৬.৬৬। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে নিজের ধারাবাহিকতার পুরষ্কার পেলেন এই ইংলিশ ওপেনার।
যদিও এমন ধারাবাহিকতার পরও, অন্য দুই ফরম্যাটে সুযোগ পান না মালান। সামনে যে সুযোগ আসছে তাও নয়। কারণ জেসন রয়, জশ বাটলার, বেয়ারেস্টোরাও যে আছেন দারুণ ফর্মে! ইংলিশ কোচ ক্রিস সিলভারউড বলেন, সে দুর্দান্ত ফর্মে আছে এটা সত্যি। তবে টেস্ট কিংবা ওয়ানডে দলে ওকে সুযোগ দেয়া সত্যিই কঠিন। আমি নিশ্চিত, সুযোগ পেলে সেখানেও ভালো করবে সে।
এদিকে বাবরের দুই নম্বরে নেমে যাওয়ায় লোকেশ রাহুল জায়গা হারিয়েছেন। দুই থেকে লোকেশ চলে গেছেন চার নম্বরে। তবে তিন নম্বরে রয়ে গেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। চারে থাকা কিউই ব্যাটসম্যান কলিন মুনরো এক ধাপ পিছিয়ে এখন পাঁচে।
ইত্তেফাক/এসআই
