আসিফ আকবর ও কর্নিয়ার গাওয়া নতুন একটি গান দিয়ে নির্মিত হচ্ছে মিউজিক্যাল ফিল্ম। এতে মডেল হয়েছেন অভিনেতা অন্তু করিম। তার সঙ্গে রয়েছেন মডেল আরিয়ানা জামান। ‘চোখের কার্নিশে’ নামের এই মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ হয়েছে পুবাইলের বিভিন্ন লোকেশনে। গানটির গীতিকবি মাহবুব রহমান। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন শামীম মাহমুদ। ভিডিওটি নির্মাণে নির্দেশনা দিয়েছেন মোহন ইসলাম। গানের দৃশ্যকল্প সাজিয়েছেন শাওন খান অর্ক। আসিফ আকবর বলেন, ‘এই প্রথম চমত্কার একটি গানে কর্নিয়ার সঙ্গে সুর মেলালাম। আশা করি দর্শক-শ্রোতারা উপভোগ করবেন।’ এই ভিডিওতে একটু ভিন্ন লুকে আসার কথা জানান অন্তু করিম। তিনি বলেন, ‘গল্পটা গতানুগতিক ধারার মাঝেই একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। মোহন ইসলাম অনেক প্রতিভাবান একজন পরিচালক। ক্যামেরার পেছনের গল্পকে ক্যামেরার সামনে নিয়ে আসার নৈপুণ্য দেখিয়েছেন তিনি। আশা করি কাজটি সবার পছন্দ হবে।’ নির্মাতা মোহন ইসলাম বলেন, ‘গানের সঙ্গে সাদৃশ্য রেখে একটি সুন্দর গল্প নিয়ে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছি। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করি দর্শকদের ভালো লাগবে। খুব শিগগিরই মিউজিক ভিডিওটি এম আর বেস্ট মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।’
