চলতি বছরের ফেব্রুয়ারিতে তাপসি পান্নুর ‘থাপ্পড়’ ছবিটি মুক্তি পায়। তখনও ভারত এবং আশেপাশের দেশগুলোতে করোনা ভাইরাস মহামারির প্রকোপ তেমনভাবে লক্ষ করা যায়নি। ডমেস্টিক ভায়োলেন্সের শিকার এক তরুণী গৃহবধুর আত্মসম্মানবোধ রক্ষার লড়াই নিয়ে ‘থাপ্পড়’ ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবির মূল ভূমিকায় তাপসির অনবদ্য অভিনয় দর্শক, সমালোচকদের বিপুল প্রশংসা অর্জন করেছে। জোরাল সামাজিক বক্তব্যের ছবি ‘থাপ্পড়’ বক্স অফিসেও সন্তোষজনক ব্যবসা করেছে। একই সঙ্গে প্রশংসা অর্জনের পাশাপাশি তাপসি অভিনীত ছবিগুলো বক্স অফিসে সাফল্য পাচ্ছে গত কয়েক বছর ধরেই। ২০১৯ সালে তার ‘বদলা’, ‘গেম ওভার’, ‘মিশন মঙ্গল’, ‘সাঁধ কি আঁখ’ ছবিগুলো মুক্তি পেয়েছে। গতানুগতিক ধারার বাইরে ভিন্ন ট্র্যাকের ছবিগুলোতে জটিল ও চ্যালেঞ্জিং রোলেই তাকে বেশি দেখা যাচ্ছে পর্দায়। বলিউডে আজকাল তাপসি পান্নুকে ‘ভার্সাটাইল’ অভিনেত্রী হিসেবে দর্শক নির্মাতা পরিচালক সমালোচক ভিন্ন চোখে দেখার চেষ্টা করছেন। তার অভিনীত নতুন কোনো সিনেমার প্রসঙ্গ উঠলেই সবাই আগেভাবেই অনুমান করছেন নতুন কোনো চমক নিয়ে পর্দায় আসছেন সুন্দরী, মেধাবী ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। দিল্লি শহরের এক পাঞ্জাবি পরিবারের মেয়ে হলেও তাপসী অভিনেত্রী হিসেবে পথচলা শুরু করেছিলেন দক্ষিণী চিত্রলোকে। তামিল তেলেগু সিনেমায় অভিনয় করে নিজে অনেকটাই পরিণত হয়েছেন। ২০১০ সালে তেলেগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় অভিনেত্রী হিসেবে অভিষেক হলেও বলিউডে তার আত্মপ্রকাশ ২০১৩ সালে ‘চশমে বাদ্দুর’ ছবির মাধ্যমে। কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট তাপসি এক সময়ে প্রচুর বিজ্ঞাপনে মডেল হয়েছেন। মডেল হিসেবে অনেক কাজ করার পরও যখন তার কাছে মনে হয়েছিল এ কাজে যথাযথ স্বীকৃতি ও পরিচিতি পাচ্ছেন না— তখনই অভিনয়ে আসার ব্যাপারে মনস্থির করেন। বলিউডে গত বেশ কয়েক বছরে যে ছবিগুলোতে অভিনয় করেছেন তাতে নিজের যোগ্যতা প্রমাণে সমর্থ হয়েছেন তাপসি। বেরি, পিঙ্ক’, ‘রানিং শাদি’, ‘দ্য গাজি অ্যাটাক’, ‘নাম শাবানা’, ‘জুডওয়া’, ‘দিল জাংলি’, ‘সুরমা’, ‘মুলক’, ‘মনমারজিয়ান’— অ্যাকশন, কমেডি, রোমান্টিক, সমাজসচেতন সিরিয়াস ছবি যাই হোক না কেন প্রতিটিতেই অভিনীত চরিত্র যথাযথভাবে রূপায়নে তাকে অনেক পরিশ্রমী, আন্তরিক এবং নিষ্ঠাবান মনে হয়েছে। অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ পর্যন্ত অনেকগুলো পুরস্কারও তার ঝুলিতে পূর্ণ হয়েছে। ২০১৭ সালের পর থেকে তাপসিকে দক্ষিণী চিত্রলোকের চেয়ে বলিউডেই বেশি ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। স্মার্ট, প্রগতিশীল চিন্তাভাবনার অধিকারী এই মেধাবী তন্বী অভিনেত্রী সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে মোটেও ভয় পান না। অকপটে সত্যের পক্ষে কথা বলেন। এ নিয়ে তার মধ্যে কোনো কপটতা, ভান-ভনিতা নেই। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে ঢালাওভাবে অভিযুক্ত করার সাধারণ প্রবণতার বিরুদ্ধে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন তাপসি। প্রকৃত অপরাধী হিসেবে প্রমাণিত না হতেই রিয়াকে অভিযুক্ত করাটা অন্যায় বলে অভিমত প্রকাশ করেছেন তাপসি তার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে। যা বলিউডে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। করোনা মহামারির সময়টিতে এতদিন শুটিং না থাকলেও হালে আবার অভিনীত ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যে একটি দক্ষিণী ছবির কাজ শুরু করেছেন। বলিউডে বর্তমানে তার হাতে বেশ কয়েকটি ছবি নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। মার্ডার মিস্ট্রি ধাঁচের ছবি ‘হাসিন দিলরূবা’ সহসাই মুক্তি পাবে বলে জানা গেছে। অ্যাথলেট ড্রামা ছবি ‘রেশমি রকেট’র শুটিং নভেম্বর থেকে শুরু হবে।
