মানিকগঞ্জে মাটিভর্তি ট্রাকচাপায় মঞ্জুর আলম খান (৪২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান জানান, মঞ্জুর আলম খান দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নিলাম্বরপট্টি এলাকায়। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে ওই চিকিৎসক আরিচা অভিমুখে যাচ্ছিলেন। পথে কালীগঙ্গা নদী থেকে একটি মাটিভর্তি ট্রাক হঠাৎ মহাসড়কে উঠে তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে সাভার এনাম মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
আরো পড়ুন : কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার
মঞ্জুর আলম খান মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলজিইডি সংলগ্ন আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সকালে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলে কর্তব্যস্থল দৌলতপুরে যাচ্ছিলেন।
ইত্তেফাক/ইউবি
