টেকনাফে কাঠের নৌকাসহ লক্ষাধিক পিস ইয়াবা জব্দ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১১

টেকনাফে মাদক নিয়ে অনুপ্রবেশকালে কাঠের নৌকাসহ ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা বড়ির চালান জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির টহল দল মাদকের চালান অনুপ্রবেশের সংবাদ পেয়ে নাফনদী বরাবর বিআরএম-৫ পয়েন্টের দক্ষিণে লাফারঘোনা পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েক জন লোক একটি হস্তচালিত নৌকা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। তখন বিজিবি চ্যালেঞ্জ করলে মাদক পাচারকারীরা নৌকা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে দুইটি বস্তাসহ একটি কাঠের নৌকা পাওয়া যায়। বস্তা দুইটি থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান নিশ্চিত করেন।