শীর্ষস্থান ফিরে পেল অস্ট্রেলিয়া

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

মাঝে একটা দিনের জন্য এক নম্বরে উঠেছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে সিরিজে হারানোর পর তারা আইসিসি র্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে হটিয়ে এক নম্বর জায়গাটা দখল করেছিল। কিন্তু শেষ ম্যাচে জয়ের ভেতর দিয়ে হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি এক নম্বর জায়গাটা পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। সাউদাম্পটনে মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৪৫ রানে আটকে রেখে অস্ট্রেলিয়া জিতেছে ৩ বল বাকি থাকতে। মাঝারি রান তাড়ায় একসময় বিপাকে ছিল অস্ট্রেলিয়ানরা। সিরিজে প্রথমবার খেলতে নামা মিচেল মার্শ দলকে এগিয়ে নিয়েছেন জয়ের পথে। শেষ ম্যাচে দুই দলেই ছিল বেশ পরিবর্তন। ওয়েন মর্গ্যানের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন মইন আলি। ছিলেন না প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ব্যাট করা জস বাটলার। তাদের জায়গা নেন স্যাম বিলিংস ও জো ডেনলি। অস্ট্রেলিয়া বিশ্রাম দেয় ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সকে। সাড়ে চার বছর পর টি-টোয়েন্টি খেলতে নামেন জশ হেইজেলউড, দলে ফেরেন মার্শ। বাদ পড়েন কিপার অ্যালেক্স কেয়ারি, তার জায়গা নেন ম্যাথু ওয়েড। টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড দ্বিতীয় ওভারে হারায় টম ব্যান্টনকে। দ্বিতীয় উইকেটে জনি বেয়ারেস্টা ও দাভিদ মালান গড়েন ৪৯ রানের জুটি। তবে রানের গতি খুব ভালো ছিল না। ইংল্যান্ড তাই পায়নি বড় স্কোর। জো ডেনলির ১৯ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস দলকে নিয়ে যায় ১৪৫ পর্যন্ত। অস্ট্রেলিয়ার রান তাড়ার শুরুটা ছিল ঝোড়ো। জফ্রা আর্চারের করা ইনিংসের প্রথম ওভারেই অ্যারন ফিঞ্চ মারেন দুটি চার, ওয়েডের ব্যাট থেকে আসে বিশাল ছক্কা। তবে ওয়েড ফিরে যান ১৪ রানেই। মার্শ ও অ্যাশটন অ্যাগার দলকে নিয়ে যান লক্ষ্যে। ৪৬ রানের ম্যাচ জয়ী অবিচ্ছিন্ন জুটি গড়েন দুই জন।