মাদারীপুরের শিবচরে বিট পুলিশিং কার্যক্রমের অফিস উদ্বোধন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাহাদুরপুর বাজারে বিট নং ৩ (পাচ্চর) পুলিশিং কার্যক্রমের অফিস প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন মাদারীপুর জেলার সুযোগ্য ও সৎ পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান।
পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানকে সামনে রেখে পরে শিবচর থানার অফিসার ইনচার্জ এর আয়োজনে বাহাদুরপুর মাদানিয়া শরিয়াতিয়া মাদরাসা মাঠে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।
আরও পড়ুন: দ্বিতীয় দিনের পরীক্ষায় সবাই নেগেটিভ
এতে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হাসান, বাহাদুরপুর পীর মঞ্জিলের পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, পাঁচ্চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিব উদ্দিন আহমেদ সোয়েব মিয়া, পাঁচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া মিঠু বেপারী ও শিবচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘শিবচরে আমাদের মোট ২০টি বিট রয়েছে। প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে বিট পুলিশিং অফিস চালু করা হয়েছে। পুলিশি সেবাকে জনগণের দোড়গোড়ায় নিয়ে যেতে আমাদের এ কার্যক্রম। বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক তৈরি হবে। এতে মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’
ইত্তেফাক/এএএম
