মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নের বৈদ্যরগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা চালিয়ে এক জনের হাতের কবজি বিচ্ছিন্ন এবং আরেক জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
তারা হলেন উপজেলার বৈদ্যরগাঁও গ্রামের রুবেল ও কবির। আহতদের দুই জনের অবস্থাই আশঙ্কাজনক। এর মধ্যে রুবেলের এক হাতের কবজি ও আরেক হাতের দুই আঙুল কেটে ফেলা হয়েছে আর কবিরের গায়ের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিত্সক।
আহত রুবেল ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক কারণে দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান ও আজিম উদ্দিন ফরাজী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি একটি প্রজেক্টে বালু ভরাটকে কেন্দ্র করে শাজাহান খানের লোকজন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রতিপক্ষ আজিম উদ্দিন ফরাজী গ্রুপের নিকট। তবে ২ লাখ টাকা দেওয়ার পর তাদের দাবিকৃত বাকি টাকা দিতে অস্বীকৃতি জানায় আজিম উদ্দিন ফরাজীর লোকজন। এ ঘটনার সূত্র ধরে বুধবার দুপুরে বৈদ্যরগাঁও বাজার এলাকায় শাহজাহান খানের ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করা লোকজন আজিম উদ্দিন ফরাজী সমর্থক রুবেল ও কবিরের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রুবেল ও কবিরকে আহত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গজারিয়া থানার ওসি (তদন্ত) মামুন আল রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে তাদের আটকের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
