নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় সুনামগঞ্জের ৯ জনের মরদেহ পারিবারিকভাবে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলার গুমাই নদীতে বালুবাহী বড় নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে গেলে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এর মধ্যে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার ইনাতনগর গ্রামের নারী ও শিশুসহ ৭ জন ও উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের ২ জন এবং নেত্রকোনা জেলার মেদনী ইউনিয়নের মেদনী গ্রামের একজন রয়েছেন। এদিকে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রলার ডুবিতে নিহত প্রত্যেক পরিবারের সদস্যকে নগদ ৩০ হাজার টাকা দেয়া হয়েছে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে যাত্রী নিয়ে ট্রলারটি কলমাকান্দা হয়ে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা যাচ্ছিল। পথিমধ্যে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন গুমাই নদীতে বালুবাহী বড় নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
এতে এখন পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দাফন কাজ সম্পন্ন হয়ে গেছে। তবে আরও মরদেহের সন্ধান পাওয়া যেতে পারে তাই উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
