কোনোভাবেই চীনা বাহিনীকে সীমা অতিক্রম করতে দেওয়া যাবে না

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৩

কমান্ডারদের কাছে সীমান্তে কার্যক্রম নিয়ে একটি নির্দেশনা পাঠিয়েছে ভারতের সেনাবাহিনী। নির্দেশনায় বলা হয়েছে, কোনোভাবেই চীনা বাহিনীকে সীমা অতিক্রম করতে দেওয়া যাবে না। তবে সৈন্যদের যথাযথ শৃংখলা মেনে চলতে হবে। অপ্রয়োজনে কোনো ধরনের শক্তি প্রয়োগ করা যাবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে। সরকারের একটি সূত্র এএনআইকে এই তথ্য জানিয়েছে। লাদাখ সীমান্তে দুই দেশের উত্তেজনার প্রেক্ষাপটে এমন নির্দেশনা পাঠানো হলো।

ভারত সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে উত্তেজনা যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। এটা স্থানীয় কিংবা আঞ্চলিক পর্যায়ে সংঘর্ষে রূপ নিতে পারে। এদিকে চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস এর এক প্রতিবেদনে বুধবার দাবি করা হয়, ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই সীমান্তে সামরিক শক্তি বাড়ানো হচ্ছে। গত দুই সপ্তাহ ধরে ভারতের প্ররোচনায় সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তে বোমারু, এয়ার ডিফেন্স মিসাইল, আর্টিলারি, সাঁজোয়া যান, পদাতিক বাহিনী ও স্পেশাল ফোর্স মোতায়েন করা হচ্ছে। পিএলএ দেশের সার্বভৌমত্ব এবং অখ্লতা রক্ষা করতে কতটা সক্ষম এটা তারই প্রমাণ। -টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি