রাশিয়ায় স্বেচ্ছাসেবীদের ওপর ভ্যাকসিনের প্রয়োগ শুরু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭

করোনা ভাইরাস রুখতে রাশিয়ার তৈরি 'স্পুটনিক-পাঁচ' ভ্যাকসিনটি মস্কোর স্বেচ্ছাসেবীদের ওপর প্রয়োগ করা শুরু হয়েছে।   বুধবার এমনটি  জানিয়েছে মস্কোর  ডেপুটি মেয়র আনস্তাসিয়া রাকোভা। 

একটি বিবৃতিতে মস্কোর  ডেপুটি মেয়র আনস্তাসিয়া রাকোভা বলেন, রাজধানীর ক্লিনিকগুলোতে প্রথম অংশগ্রহণকারীদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। 

জানা গেছে,  ২১ দিনের ব্যবধানে ভ্যাকসিনটির দুটি ডোজ স্বেচ্ছাসেবকদের দেওয়া হবে। মস্কোর প্রায় ৪০ হাজার স্বেচ্ছাসেবী ভ্যাকসিনটি প্রয়োগের সুযোগ পাবেন।  

এদিকে বিশ্বের কয়েকটি দেশে স্পুটনিক-পাঁচ ভ্যাকসিনের তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।   

সম্প্রতি চিকিৎসাবিজ্ঞানবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট একটি গবেষণা নিবন্ধনে বলা হয়েছে স্পুটনিক-পাঁচ ভ্যাকসিনটি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। যদিও এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্বের প্রখ্যাত বিজ্ঞানীরা। 

  রাশিয়ায় উদ্ভাবিত প্রথম করোনা  ‘স্পুটনিক–পাঁচ' গতমাসে দেশটির সরকারের  অনুমোদন পায়।  ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি । এছাড়া ভ্যাকসিনটির জন্য অর্থায়ন করেছে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড। তবে ভ্যাকসিনটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পশ্চিমা দেশগুলোর গবেষকেরা।

রাশিয়ার এ পর্যন্ত ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৮৩৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

ইত্তেফাক/এআর