টিকিট ছাড়া কেউ বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশ করতে পারবে না 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৭

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনসহ জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এ তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি দিয়ে যথারীতি যাত্রী নেওয়া শুরু হয়েছে।

এখন থেকে নিয়মিতভাবে এসব স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হবে। এসব স্টেশন থেকে যাত্রী উঠতে পারবে। অপরদিকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে চালু হচ্ছে অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম। ফলে স্টেশনে কোনো যাত্রী টিকিট ছাড়া প্রবেশ করতে পারবে না। বিকালে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের ১নং প্ল্যাটফর্মের মানোন্নয়ন ও অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম এবং জয়দেবপুর ও নরসিংদী স্টেশনের অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম নির্মাণকাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।  

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনসহ জয়দেবপুর, নরসিংদী স্টেশন খুলে দেয়া হয়েছে। এখন নিয়মিতভাবে এসব স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি এবং এসব স্টেশন থেকে যাত্রী ওঠানামা করতে পারবে। এ তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। স্টেশনে যাত্রাবিরতি এবং যাত্রী নেয়া চালু হওয়ায় এসব স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়কৃত কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী স্টেশনের কোটা থেকে বিক্রি হবে। 

উল্লেখ্য, করোনার কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর গত ৩১ মে থেকে কয়েক দফায় ট্রেন চলাচল শুরু হলেও ঢাকা বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর, নরসিংদী স্টেশনে যাত্রা বিরতি বন্ধ ছিল। 

ইত্তেফাক/ইউবি