এক বীভত্স, নির্দয়, হীনমন্য ও অমানবিক
পৃথিবীতে বসবাস করছি আমরা।
এখানে কোনো দয়া নেই, মায়া নেই
আছে শুধু হিংস্রতা, মিথ্যাচার, দাম্ভিকতা।
পুরনো শকুন আবারও উড়ে বেড়াচ্ছে আকাশে
মৃত প্রাণীর খুঁজে আর লোভীর দল চামড়া।
আবেগহীন এক যান্ত্রিকতার করুণ আর্তনাদে
সভ্যতা আজ ভিস্যুভিয়াসের আগুনে পোড়া।
এই অস্বাভাবিক অবস্থায়—নেই কেউ সত্য বলার;
লোভ লালসা মনুষ্যত্বকে হায়েনার মতো খাচ্ছে।
রুদ্ধ হয়ে আছে রীতিনীতি ও সংস্কৃতির দুয়ার,
এই অপশক্তিকে একদল বেজন্মা উস্কে দিচ্ছে।
নিশ্চয় তাদের মানসিকতা হীরক রাজার, এদের
লোলুপ দৃষ্টিতে দেশটা আজ লঙ্কার মতো পুড়ছে।
